খেলা

আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে রোমেরোর নাম ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২

আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে রোমেরোর নাম ঘোষণা

মেসির অবসরের পর আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন ক্রিস্টিয়ান রোমেরো। ছবি: রয়টার্স

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে ক্রিস্টিয়ান রোমেরোর নাম ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তিনি বিষয়টি নিশ্চিত করেন।

 

ফরাসি সংবাদমাধ্যম এল'কিপে জানিয়েছে, রোমেরোকে অধিনায়ক বানানোর পাশাপাশি এমিলিয়ানো মার্টিনেজকে সহ-অধিনায়ক এবং লাওতারো মার্টিনেজকে তৃতীয় অধিনায়ক হিসেবে রাখা হয়েছে। স্ক্যালোনি জানান, রোমেরো অধিনায়কের আর্মব্যান্ড গ্রহণ করেছেন এবং এই দায়িত্বের যথাযথ মর্যাদা রাখবেন। তার আচরণ এমন হওয়া উচিত, যা অন্য খেলোয়াড়রা অনুসরণ করতে চাইবে।

 

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে মেসির সম্ভাব্য শেষ ম্যাচের আগে প্রায় এক সপ্তাহ সময় রয়েছে। মেসিকে ছাড়া আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে স্ক্যালোনি বলেন, মাঠে এবং মাঠের বাইরে মেসির মতো এত বড় প্রভাব তৈরি করতে সক্ষম কাউকে তিনি আগে কখনো দেখেননি।

 

তবে স্ক্যালোনি জোর দিয়ে বলেছেন, আর্জেন্টিনা দলে নেতৃত্ব দেওয়ার মতো খেলোয়াড়ের অভাব নেই। তার মতে, দলে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো মানুষ থাকা। তারা কোনো একক ‘কাউদিও’ বা সর্বময় নেতার সন্ধান করছে না। বরং সবাই মিলে মেসি এতদিন যে অবদান রেখেছেন, সেটির ঘাটতি পূরণের চেষ্টা করবে।

 

নিজের ক্লান্তি ও ভবিষ্যৎ নিয়ে চলা গুঞ্জন প্রসঙ্গে স্ক্যালোনি অবশ্য সন্দেহ উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা এখনো তার রয়েছে।

 

তবে একই সঙ্গে তিনি দলের খেলাধুলার সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে যথাসময়ে সেটি জানানো হবে বলেও জানান স্কালোনি।
 

আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে রোমেরোর নাম ঘোষণা | সময় নিউজ