প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৭

প্রতীকী ছবি
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ললাটি এলাকায় মদনপুর-আড়াইহাজার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহের পাশে পড়ে থাকা একটি মানিব্যাগ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তিনি নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার মোশারফ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ললাটি এলাকায় সড়কের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। যুবকের মুখমণ্ডলে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহের মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

