স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২১

নরওয়ের বিপক্ষে এক মিনিটের জন্যও মাঠে নামতে পারেননি রোনালদো। ছবি: রয়টার্স
নেশনস লিগে অসলোতে নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। তবে ম্যাচটিতে এক মিনিটের জন্যও মাঠে নামানো হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোকে। জাতীয় দলের হয়ে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত থাকা সত্ত্বেও কোনো ম্যাচে মাঠে না নামার ঘটনা ২০০৮ সালের পর এই প্রথম ঘটল রোনালদোর ক্ষেত্রে।
ম্যাচের কয়েক ঘণ্টা পরই রোনালদোকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। ৪১ বছর বয়সী এই স্ট্রাইকার জিমের অনুশীলনে অংশ নিতে অস্বীকৃতি জানান এবং অনুশীলন চলাকালীন মাঝপথে বেরিয়ে সুইডেনের মালমোতে দলের হোটেলে চলে যান।
‘আ বোলা’র প্রতিবেদন অনুযায়ী, ডেনমার্কের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুইডেনে প্রস্তুতি শুরু করেছে পর্তুগাল। অনুশীলনে ছিলেন না জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো কনসেইসাও এবং ক্রিস্টিয়ানো রোনালদো। কনসেইসাও কিছুটা অস্বস্তি নিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন।
রোনালদো দলের সঙ্গে মালমোর অনুশীলন কেন্দ্রে পৌঁছালেও কোচ জর্জ জেসুসের সঙ্গে কথা বলার পর জিমের অনুশীলনে ফেলিক্সের সঙ্গে যোগ দেননি। বরং সতীর্থরা মাঠে অনুশীলন চালিয়ে যাওয়ার সময় রোনালদো সেখান থেকে বেরিয়ে হোটেলে চলে যান। পরে হোটেলের নিজস্ব জিমে তিনি আলাদাভাবে নির্দিষ্ট অনুশীলন করেন।
নরওয়ের বিপক্ষে পর্তুগালের জয়ের ঠিক এক দিন পর এই ঘটনা ঘটল। ওই ম্যাচে রোনালদো পুরোপুরি ফিট থাকা সত্ত্বেও এক মিনিটও খেলেননি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ জর্জ জেসুস, যিনি আল-নাসরে রোনালদোর সঙ্গে কাজ করেছেন, তাকে না খেলানোর সিদ্ধান্ত ব্যাখ্যা করে বলেন, 'আমি তাকে (রোনালদো) মাঠে নামানোর কথা ভাবছিলাম, কিন্তু এরপর ম্যাচের পরিস্থিতি অন্য কিছু নির্দেশ করে।'
কোচ আরও পরিষ্কার করে দেন, শারীরিক সমস্যার কারণে রোনালদোকে বাইরে রাখা হয়নি। তিনি বলেন, 'আমি যতক্ষণ চাইতাম, সে ততক্ষণ খেলার জন্য প্রস্তুত ছিল।' অর্থাৎ, রোনালদোর বেঞ্চে থাকার সিদ্ধান্তটি পুরোপুরি কৌশলগত ছিল।
পর্তুগাল জাতীয় দলের হয়ে রোনালদোর ক্ষেত্রে এমন ঘটনা বেশ অস্বাভাবিক। জাতীয় দলের কোনো ম্যাচে মাঠে না নেমে পুরো ম্যাচ বেঞ্চে কাটানোর সর্বশেষ ঘটনা ছিল ২০১৪ সালের ৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে। আর অফিসিয়াল ম্যাচের ক্ষেত্রে এর আগের ঘটনা ছিল ২০০৮ সালের ১৫ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে।
নরওয়ের বিপক্ষে না খেললেও জর্জ জেসুস স্পষ্ট করেছেন, রোনালদো এখনো তার পরিকল্পনার অংশ। তিনি বলেন, 'এর মানে এই নয় যে সে পরিকল্পনার বাইরে চলে গেছে। বরং উল্টোটা। হয়তো সে ডেনমার্কের বিপক্ষে খেলবে।'
পর্তুগালের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার (১ অক্টোবর) ডেনমার্কের বিপক্ষে।

