আন্তর্জাতিক

মার্কিন বাহিনী প্রত্যাহার: ইরাকে চারদিনের সরকারি ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৩

মার্কিন বাহিনী প্রত্যাহার: ইরাকে চারদিনের সরকারি ছুটি ঘোষণা

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। ছবি: সংগৃহীত

দেশ থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন হওয়ার পর, ‘সার্বভৌমত্ব দিবস’ উপলক্ষে ইরাকি সরকার বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে শনিবার (৩ অক্টোবর) পর্যন্ত সরকারি ছুটির ঘোষণা দিয়েছে।

 

সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা এবং প্রাদেশিক কর্তৃপক্ষকে ‘ইরাকি সার্বভৌমত্ব দিবস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচির বিষয়ে সরকারি মিডিয়া সেলের সাথে সমন্বয় করার নির্দেশ দিয়েছেন।

 

ইরাকি বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ইরাকের শহীদ ও ভুক্তভোগীদের স্মরণে সরকারি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন এবং ‘জাতীয় সার্বভৌমত্ব দিবস’ উপলক্ষে ইরাকের মানচিত্র বা ইরাকি পতাকার রঙ-সম্বলিত ব্যাজ পরিধান করা।

 

বিভিন্ন গণমাধ্যমের খবরে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের কার্যালয়ের প্রধান আব্দুল আমির আল-শাম্মারিকে উদ্ধৃত করে বলা হয়েছে, মার্কিন বাহিনী ৩০ সেপ্টেম্বর তাদের প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করবে। তিনি জানান, ভিক্টোরিয়া ঘাঁটিটি ইতোমধ্যেই মার্কিন বাহিনী-মুক্ত হয়েছে এবং এটিকে কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রম পরিচালনার একটি কেন্দ্রে রূপান্তর করা হবে।

মার্কিন বাহিনী প্রত্যাহার: ইরাকে চারদিনের সরকারি ছুটি ঘোষণা | সময় নিউজ