নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৬

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম।
জামিন পেয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রী মাকছুদা। তবে নজরুলের আবেদন নামঞ্জুর করেছেন আদালত ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালতে এ জামিন শুনানি। শুনানিতে গাজী নজরুল ইসলামের সঙ্গে দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের আপস মীমাংসা হয়েছে বলেও জানানো হয়।
আপসের কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেলে বাদী মো. মাসুম বিল্লাহের কোনো আপত্তি নেই বলেও আদালতকে জানানো হয়।
তবে আদালত শুনানি শেষে মাকছুদার জামিন আবেদন মঞ্জুর করলেও এমপি নজরুলের আবেদন নামঞ্জুর করেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটের ভেতর থেকে এমপি জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে সিআইডির সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় তার রুমে কিছু চিরকুট পাওয়া যায়।
ঘটনার পরদিনই নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাতেই নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে গ্রেফতার করে পুলিশ।

