প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ০১:১২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি তেলবাহী ওয়াগন ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে রাত ১১টা থেকে চট্টগ্রাম গামী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনা পর থেকে আখাউড়া রেলওয়ে জংশনের উদ্ধারকারী দলের কর্মকর্তারা দুর্ঘটনা কবলিত ট্রেনের চাকা উদ্ধারে কাজ শুরু করেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ৯৬২ নম্বর ট্রেন সানটিংয়ের সময় ৬৩০৫৯ নম্বর খালি তেলের ওয়াগনের সামনের অংশের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইন ব্লক হয়ে যায়।
রেলওয়ে সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে মোট ২১টি ওয়াগন(বগি) নিয়ে ট্রেনটি আখাউড়া জংশনে আসে। এর মধ্যে ৯টি ওয়াগন(বগি) আখাউড়া রেলস্টেশনে রেখে বাকি ওয়াগন গুলো নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। এক লাইন থেকে অন্য লাইনে সানটিংয়ের সময়ই এই দুর্ঘটনাটি ঘটে।
আখাউড়া রেলওয়ে জংশন লোকোশেডের ইনচার্জ মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আখাউড়া জংশনে প্রবেশের পথে ডাউন লাইনে তেলবাহী ট্রেনের একটি খালি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ওয়াগনটি উদ্ধার ও রেললাইন সচল করার কাজ চলছে। উদ্ধারকাজ শেষ হলে অল্প সময়ে ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

