বাংলাদেশ

গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বাবা-ছেলেসহ নিহত ৩

প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৯

গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বাবা-ছেলেসহ নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাবা ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল ঝাবুবাজার গ্রামের মো. আয়েশ উদ্দিন (৭০) ও তার ছেলে শরিফুল ইসলাম (৪৪) এবং শিবনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিল ছেলে  আব্দুল হামিদ। 

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, নাচোল উপজেলার সোনাইচণ্ডী গরুর হাট থেকে গরু বিক্রি করে ভটভটিতে করে বাড়ি ফেরার পথে পুসকুনি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দুই জনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে ঘটনাস্থলেই  একজনের মৃত্যু হয়।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবুল হায়াত জানান, আহত আটজনের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতর সংখ্যা বাড়তে পারে বলে জানান চিকিৎসকরা। 

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনি ব্যবস্থা শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বাবা-ছেলেসহ নিহত ৩ | সময় নিউজ