প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৫

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে ছয় দিন পর কক্সবাজার থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মাহিমা ইসলাম মাহি (১২) ও তানিসা আক্তার (১৪) চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। পরে তারা মাদ্রাসায় না পৌঁছানো এবং বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি নিখোঁজ ডায়েরি করা হয়।
নিখোঁজের বিষয়টি জানার পর চৌদ্দগ্রাম থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অনুসন্ধান শুরু করে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও বিভিন্ন মাধ্যমে অনুসন্ধানের একপর্যায়ে দুই কিশোরীর অবস্থান কক্সবাজারে শনাক্ত করা হয়।
পরে কক্সবাজার ডিবি পুলিশ অভিযান চালিয়ে সমুদ্রসৈকত এলাকার গ্রীণ প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে দুই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার চলে যায়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

