খেলা

১০ জনের চেকিয়াকে হারিয়ে জয়ের ধারায় ফিরল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১

১০ জনের চেকিয়াকে হারিয়ে জয়ের ধারায় ফিরল ইংল্যান্ড

ইংল্যান্ড-চেকিয়া ম্যাচে বল দখলের লড়াইয়ে হ্যারি কেইন। ছবি: এএফপি

উয়েফা নেশনস লিগে স্পেনের বিপক্ষে হার দিয়ে শুরু করা ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচেই জয়ের ধারায় ফিরল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রাগের ফরচুনা অ্যারেনায় ১০ জনের দলে পরিণত হওয়া চেকিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।

 

স্পেন ম্যাচের পর এদিনও অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইন গোল করেছেন।


এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) ওয়েম্বলিতে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কাছে ৩-২ গোলে হেরে টমাস টুখেলের দল নেশনস লিগ অভিযান শুরু করেছিল। অন্যদিকে, উদ্বোধনী ম্যাচেও ক্রোয়েশিয়ার কাছে হেরেছিল চেকিয়া।

 

ফরচুনা অ্যারেনায় প্রথমার্ধের শুরুতেই ১০ জনের দলে পরিণত হয় চেকিয়া। ২৫ মিনিটের সময় এলিয়ট অ্যান্ডারসনকে ঝুঁকিপূর্ণভাবে চ্যালেঞ্জ জানানোয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লিওঁর মিডফিল্ডার পাভেল শুলৎস। একজন খেলোয়াড় কম নিয়ে খেলেও প্রথমার্ধে ইংল্যান্ডকে আটকে রেখেছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণ পর গর্ডন গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন। এরপর ব্যবধান দ্বিগুণ করেন কেইন।

 

গত ম্যাচের তুলনায় এদিন একাদশে চারটি পরিবর্তন আনেন টুখেল। প্রায় দুই বছর পর প্রথমবারের মতো ইংল্যান্ডের শুরুর একাদশে সুযোগ পান রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড।

 

শুরু থেকেই বল দখলে আধিপত্য বিস্তার করে ইংল্যান্ড। তবে পাল্টা আক্রমণ থেকে কিছু ভালো সুযোগ তৈরি করেছিল স্বাগতিক চেকিয়াও।

 

১৫ মিনিটে বক্সের ভেতর দারুণভাবে ঘুরে নেওয়ার পর পোস্টে শট মারেন জুড বেলিংহামের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া মরগান রজার্স। এরপর বল বক্সে এদিক-ওদিক ঘুরতে থাকলে এলিয়ট অ্যান্ডারসন ও বুকায়ো সাকাও গোল করার সুযোগ পান, কিন্তু সফল হননি।

 

২৫ মিনিটে লাল কার্ড দেখেন শুলৎস। প্রথমে তাকে হলুদ কার্ড দেখিয়েছিলেন তুরস্কের রেফারি উমুত মেলার। তবে ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত পরিবর্তন করে সরাসরি লাল কার্ড দেখান তিনি।

 

এরপর টিকে থাকার লড়াইয়ে নেমে পড়ে চেকিয়া। বক্সের আশপাশে একের পর এক আক্রমণ করতে থাকে ইংল্যান্ড, কিন্তু কার্যকর গোলের সুযোগ তৈরি করতে বেশ সমস্যায় পড়ে তারা।

 

প্রথমার্ধের যোগ করা সময়ে অধিনায়ক কেইন গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তবে তার বাঁকানো শটটি দারুণভাবে ঠেকিয়ে কর্নারের বাইরে পাঠিয়ে দেন চেক গোলরক্ষক মাতেই কোভার।

 

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশেষে গোলের দেখা পায় ইংল্যান্ড। দুর্দান্ত পারফর্ম করা গর্ডন আলেকজান্ডার-আর্নল্ডের নিখুঁত ক্রসে হেড করেন। বলটি কোভারের পাশ দিয়ে জালে ঢুকে যায়।

 

ইংল্যান্ডের হয়ে তিন ম্যাচে এটি গর্ডনের তৃতীয় গোল। এর মধ্যে একটি গোল ছিল বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে পরাজয়ের ম্যাচে। 

 

এর কয়েক মিনিট পর ইংল্যান্ডের ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান ডিফেন্ডার লুইস হল। কিন্তু তার শট সামান্য বাইরে দিয়ে চলে যায়। এরপর হলের ক্রস চেক অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি অনিচ্ছাকৃতভাবে নিজেদের পোস্টে ঠেলে দেন।

 

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় গোল করেন কেইন। বক্সের মধ্যে বল তার সামনে পড়তেই শক্তিশালী শটে কোভারকে পরাস্ত করেন তিনি।

 

স্পেনের বিপক্ষেও গোল করেছিলেন কেইন। চেকিয়ার বিপক্ষে গোল করে টুখেলের দলকে জয়ের পথে আরও এগিয়ে দেন ইংল্যান্ড অধিনায়ক।

 

এরপর টুখেল একাধিক পরিবর্তন আনেন। ইংল্যান্ড আরও কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও গোলরক্ষক কোভার দুর্দান্ত কিছু সেভ করে ব্যবধান আর বাড়তে দেননি।

 

এই জয়ে গ্রুপ এ৩-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। তাদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে স্পেন।

 

শনিবার (৩ অক্টোবর) ক্রোয়েশিয়ার মাঠে খেলতে যাবে ইংল্যান্ড। একই দিনে চেকিয়া মুখোমুখি হবে স্পেনের।
 

১০ জনের চেকিয়াকে হারিয়ে জয়ের ধারায় ফিরল ইংল্যান্ড | সময় নিউজ