খেলা

ক্লাবের আপত্তিতে মেসির বিদায়ী ম্যাচে অংশ নেয়া হচ্ছে না দিবালা ও মলিনার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৮

ক্লাবের আপত্তিতে মেসির বিদায়ী ম্যাচে অংশ নেয়া হচ্ছে না দিবালা ও মলিনার

মেসির বিদায়ী অনুষ্ঠানে থাকছেন না মলিনা (বাঁয়ে) ও দিবালা।

লিওনেল মেসির বিদায়ী অনুষ্ঠানে অংশ নিতে পাওলো দিবালা ও নাহুয়েল মলিনা আর্জেন্টিনায় যাচ্ছেন না, এ বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে রোমা। এ সিদ্ধান্তের খবর প্রথম প্রকাশিত হওয়ার তিন দিন পর আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করল ইতালিয়ান ক্লাবটি।

 

রোমা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, দিবালা ও মলিনা '৬ অক্টোবর আর্জেন্টিনা ও বেনিনের মধ্যকার ম্যাচে উপস্থিত থাকবেন না।' একই সঙ্গে ক্লাবটি স্বীকার করেছে, এই অনুষ্ঠান দুই খেলোয়াড়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'দুই খেলোয়াড়ের জন্য এই মুহূর্তটির গুরুত্ব সম্পর্কে ক্লাব অবগত। লিওনেল মেসির সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য হিসেবে তারা মেসির সঙ্গে সেই ঐতিহাসিক সাফল্যের অংশ ছিলেন।' 

 

তবে এটি কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত নয়। রোমা স্পষ্ট করেছে, 'খেলাধুলা ও ভ্রমণসংক্রান্ত কারণে' এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তমহাদেশীয় দীর্ঘ ভ্রমণ এবং ক্লাবের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর সময়সূচি বিবেচনায় নিয়েই দুই খেলোয়াড়কে আর্জেন্টিনায় না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

জিয়ান পিয়েরো গাসপেরিনির দল ১১ অক্টোবর সিরি আ-তে কোমোর মুখোমুখি হবে। এরপর ১৪ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে রিয়াল মাদ্রিদের মাঠে যাবে তারা।

 

এছাড়া ওই ম্যাচে দিবালা বা মলিনা কেউই খেলতে পারতেন না। সিদ্ধান্তের পেছনে এটিও একটি কারণ। ফুটবল ইতালিয়ার তথ্যমতে, 'দিবালাকে দলে ডাকা হয়নি, আর মলিনা সাত ম্যাচের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মাঝপথে রয়েছেন। ২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর তাকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।' 

 

বিবৃতির শেষদিকে রোমা জোর দিয়ে জানিয়েছে, তাদের সিদ্ধান্তের উদ্দেশ্য কাউকে অসম্মান করা নয়।

 

ক্লাবটি বলেছে, 'লিওনেল মেসি এবং তার অসাধারণ ক্যারিয়ারের প্রতি রোমার সর্বোচ্চ সম্মান রয়েছে। আমরা তার এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের জন্য একটি বিশেষ সন্ধ্যার শুভকামনা জানাই।'

ক্লাবের আপত্তিতে মেসির বিদায়ী ম্যাচে অংশ নেয়া হচ্ছে না দিবালা ও মলিনার | সময় নিউজ