স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৬

১০ নম্বর জার্সি গায়ে লিওনেল মেসি। ছবি: এএফপি
লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কে পরবেন, সেটি এখনো ঠিক করেনি দলটি। তবে বিশ্বকাপজয়ী মহাতারকার বিদায়ী ম্যাচের আগে এই জার্সি কাউকেই দেয়া হবে না বলে জানিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কর্দোবার সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেন, আগামীকাল বলিভিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার কেউ ১০ নম্বর জার্সি পরবেন না। মেসির ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ পর্যন্ত জার্সিটি তার জন্যই রাখা হবে।
মেসির বিদায়ের পর কে এই ঐতিহাসিক নম্বরটি পাবেন, সে বিষয়ে স্ক্যালোনি বলেন, ‘পরে আমরা দেখব কাকে দেব। এখনো সিদ্ধান্ত নিইনি।’ তবে একজন খেলোয়াড়ের কাছেই জার্সিটি রাখার ইচ্ছা আছে তার।
সম্ভাব্য উত্তরসূরিদের আলোচনায় আছেন নিকো পাজ। তার সঙ্গে এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের নামও আসছে। সর্বশেষ মেসি ছাড়া ১০ নম্বর পরেছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো, ২০২৫ সালের সেপ্টেম্বরে ইকুয়েডরের বিপক্ষে।

