শফিক মুন্সী
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৩

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে হকার উচ্ছেদ পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দেশ সবার এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক ধাপে চাঁদা আদায় করা হয়। এসব দখলদারি ও চাঁদাবাজি কোনোভাবেই বরদাশত করা হবে না। একই সঙ্গে হকারদের পুনর্বাসন ও সম্মানের সঙ্গে ব্যবসা করার মতো উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয়া সরকারের দায়িত্ব।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে হকার উচ্ছেদ পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা।
ডা. শফিকুর রহমান বলেন, ফুটপাত মুক্ত করা বা উচ্ছেদ অভিযানের নীতিগত বিরোধিতা তিনি করছেন না। তবে বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ হকার তাড়িয়ে দেয়া সমীচীন নয়। হকারদেরও জীবিকা নির্বাহের অধিকার রয়েছে। তাই তাদের জন্য একটি সম্মানজনক কাজের পরিবেশ ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
ফুটপাতে চাঁদাবাজির চিত্র তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিনিয়ত কয়েক ধাপে চাঁদা নেয়া হয়। এই চাঁদাবাজ চক্রের কারণে ছোট ব্যবসায়ীরা টিকতে পারছেন না। দ্রুততম সময়ের মধ্যে এসব চাঁদাবাজকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
প্রশাসনের ভূমিকার সমালোচনা করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের শৃঙ্খলা রক্ষা করা সরকারের অন্যতম কাজ। কিন্তু প্রশাসন যদি অতীতের মতো ফ্যাসিবাদের আচরণ শুরু করে, তবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
পরিদর্শনকালে স্থানীয় ব্যবসায়ী ও হকারদের সঙ্গে কথা বলেন বিরোধীদলীয় নেতা এবং তাদের সমস্যার কথা শোনেন। এ সময় স্থানীয় জামায়াত নেতারাও উপস্থিত ছিলেন।

