বিনোদন

আবারও বিয়ে করলেন জিম ক্যারি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৮:১৮

আবারও বিয়ে করলেন জিম ক্যারি

প্রেমিকা মিন আহর সঙ্গে হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী জিম ক্যারি। ছবি: সংগৃহীত

আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী জিম ক্যারি। দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন তিনি।

 

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘরোয়া আয়োজনে ৩২ বছরের ছোট প্রেমিকাকে বিয়ে করেন জিম। পিপল ম্যাগাজিনকে এ তথ্য নিশ্চিত করেছেন জিমের মুখপাত্র।

 

বিয়ের সাত মাস আগে প্রেমিকা প্রসঙ্গে এক অনুষ্ঠানে ৬৪ বছর বয়সী জিম বলেন,  ‘অসাধারণ সঙ্গী মিন আহ আমি তোমাকে ভালোবাসি। সেই সাথে ধন্যবাদ জানাই সেই মজার মানুষটিকে, যাকে আমি চিনেছি; আমার বাবা পার্সি জোসেফ ক্যারি। তিনি আমাকে ভালোবাসা, উদারতা এবং হাসির মূল্য শিখিয়েছেন।’

 

কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন জিম ক্যারি ও মিন আহ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসের লার্গোতে জাড অ্যাপাটো আয়োজিত একটি দাতব্য কমেডি শোতে অংশ নিয়ে সে মুহূর্তের ছবি প্রথম প্রকাশ করেন এ জুটি।

 

প্রসঙ্গত, ১৯৮৭ সালে মেলিসার সঙ্গে প্রথম ঘর বাঁধেন জিম ক্যারি। সে সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। তবে ১৯৯৫ সালে সে সংসার ভেঙে যায়। এরপর ১৯৯৬ সালে ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ সিনেমার সহ-অভিনেত্রী লরেন হলিকে বিয়ে করেন। ১৯৯৭ সালে জিমের দ্বিতীয় সংসারও ভেঙে যায়। দ্বিতীয় বিয়ে ভাঙার প্রায় ৩০ বছর পর এবার মিনের সঙ্গে নতুন করে ঘর বাঁধলেন এই তারকা অভিনেতা। 

আবারও বিয়ে করলেন জিম ক্যারি | সময় নিউজ