প্রতিবেদক, চুয়েট
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৯:১৬

উপাচার্য পুনর্বহালের দাবিতে ১১তম দিনের মতো আন্দলোন অব্যাহত রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। তবে প্রশাসন থেকে এখনও কোনো সাড়া না মেলায় শুক্রবার (২ অক্টোবর) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এদিন দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, আজকে আমাদের আন্দোলনের ১১তম দিন। ১১তম দিনের কর্মসূচি হিসেবে আমরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আমাদের দাবি নিয়ে এখনো ঊর্ধ্বতন মহল থেকে কোনো সাড়া পাচ্ছি না। এর প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ মিছিল।
তিনি আরও জানান, আমাদের ক্লাস, পরীক্ষা এখন পর্যন্ত সবকিছু বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই অতি শিগগিরই ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের কাছ থেকে এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হস্তক্ষেপে একটি ইতিবাচক ফলাফল চাই।"
একই বর্ষের আরেক শিক্ষার্থী অরিন্দম দে বলেন, ‘প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছি। আমরা এই অনিশ্চয়তার একটা শেষ চাই। দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের প্রথম দিন থেকেই আকুল আকুতি আপনি হস্তক্ষেপ করে এর একটা সমাধান এনে দিন। আমরা ক্লাসে ফিরে যেতে চাই।’

