রাজনীতি

রাড্ডার ঘটনায় দলীয় নয়, ফৌজদারি আইনেই বিচার চান আসিফ মাহমুদ

আসিফ মুহাম্মদ সিয়াম

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৯:২০

রাড্ডার ঘটনায় দলীয় নয়, ফৌজদারি আইনেই বিচার চান আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

রাড্ডা ক্লিনিক ইস্যুতে সরকারি দলের কারো অপরাধের প্রমাণ মিললে শুধু সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে ফৌজদারি আইনেই তাদের বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

তিনি বলেন, ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর আসাদগেটের সেন্ট ক্রিস্টিনা চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির মুখপাত্র বলেন, ‘সামনে শারদীয় দুর্গাপূজা। কিন্তু তার আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি অত্যন্ত উদ্বেগজনক।’ সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদ্‌যাপিত হতে পারে, সে জন্য সরকারকে এখন থেকেই বিশেষ প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

 

অতীতে দুর্গাপূজার আগে আয়োজনের শৃঙ্খলা রক্ষায় সরকার যেসব পদক্ষেপ নিত, এবার তা দেখা যাচ্ছে না উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘বিগত বছরগুলোতে পূজার আগে যে ধরনের সুশৃঙ্খল প্রশাসনিক প্রস্তুতি দেখা যেত, এবার এখন পর্যন্ত তেমন কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।’

 

সরকারি দলের অভ্যন্তরীণ শাস্তিমূলক ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘দলের কারো অপরাধ পাওয়া গেলে সরকার দলীয়ভাবে ব্যবস্থা নিচ্ছে। কিন্তু ফৌজদারি অপরাধের বিচার ফৌজদারি আইনেই হতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা গেলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।’

 

সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বারবার ব্যর্থ হচ্ছে দাবি করে এনসিপি মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা আশা করি সরকার অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নেবে। তা না হলে জনগণের ধৈর্যের সীমা একপর্যায়ে পার হয়ে যাবে।’

 

পরিদর্শনকালে আসিফ মাহমুদ গির্জায় ঘটে যাওয়া চুরির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

রাড্ডার ঘটনায় দলীয় নয়, ফৌজদারি আইনেই বিচার চান আসিফ মাহমুদ | সময় নিউজ