খেলা

বাংলাদেশের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন মাকেতা

খেলা ডেস্ক

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ২০:০৪

বাংলাদেশের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন মাকেতা

মালিবংওয়ে মাকেতা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুরুষ দলের সহকারী কোচ হয়েছেন দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি জানিয়েছে।


মাকেতা চলতি মাস থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত সময়ের জন্য দায়িত্ব পালন করবেন। তিনি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতের সফরে দলের সঙ্গে যোগ দেবেন। আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের একটি টেস্ট শুরু হবে ৯ অক্টোবর। এরপর জিম্বাবুয়ে, আফগানিস্তান ও বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা আছে।


৪৬ বছর বয়সী মাকেতার দক্ষিণ আফ্রিকার ঘরোয়া, আন্তর্জাতিক এবং হাই-পারফরম্যান্স ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে। ক্রিকেট সাউথ আফ্রিকার লেভেল-৪ কোচিং যোগ্যতাসম্পন্ন মাকেতার কোচিং ক্যারিয়ার দুই দশকেরও বেশি সময়ের। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকা জাতীয় পুরুষ দলের সহকারী কোচ, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রধান কোচ, দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ, ন্যাশনাল একাডেমির প্রধান কোচ এবং ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।


বিসিবি জানিয়েছে, মাকেতা ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ থাকাকালে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রোটিয়াদের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপেও তিনি দক্ষিণ আফ্রিকার কোচিং স্টাফের সদস্য ছিলেন। এছাড়া বেশ কয়েকটি সফল দ্বিপাক্ষিক সিরিজে তিনি কাজ করেছেন। এর মধ্যে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ জয় এবং শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় উল্লেখযোগ্য।


উদীয়মান ক্রিকেটারদের উন্নয়নেও মাকেতার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি দক্ষিণ আফ্রিকা ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল একাডেমিতে তার কাজের মূল লক্ষ্য ছিল খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করা। ফ্র্যাঞ্চাইজি ও প্রাদেশিক পর্যায়েও তিনি সব ফরম্যাটে কোচিং করিয়েছেন।


নিয়োগ পেয়ে মাকেতা উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখার জন্য আমি মুখিয়ে আছি।’

বাংলাদেশের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন মাকেতা | সময় নিউজ