খেলা ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ২১:০৮

ম্যানচেস্টার সিটি পুরুষ ও নারী দলের খেলোয়াড়রা। ছবি: ম্যানসিটি
প্রিমিয়ার লিগের আর্থিক বিধি লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত সব অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে ম্যানচেস্টার সিটি আপিল করেছে। সংক্ষিপ্ত এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, রায়ে আইন, নীতি ও তথ্যের ক্ষেত্রে স্পষ্ট গুরুত্বপূর্ণ ভুল রয়েছে এবং এটি নির্ভরযোগ্য নয়।
প্রিমিয়ার লিগের ক্লাবটি আরও জানিয়েছে, তারা নিজেদের অবস্থানের সমর্থনে অখণ্ডনীয় প্রমাণের একটি বিস্তৃত সংকলন জমা দিয়েছে। তাদের দাবি, প্রিমিয়ার লিগের আনা অভিযোগগুলোতে ক্লাব নির্দোষ। এই মামলায় ক্লাবের প্রতিটি অবস্থানের সমর্থনে বিপুল পরিমাণ অকাট্য প্রমাণ রয়েছে।
বিবৃতিতে ম্যানচেস্টার সিটি লেখেছে, ‘আমরা যথাযথ আইনি প্রক্রিয়াকে সম্মান করে চলব। সব কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর বিস্তারিত মন্তব্য করার ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় সীমাবদ্ধতা রয়েছে।’
এর আগে প্রিমিয়ার লিগ নিশ্চিত করে যে, ৯ বছর ধরে আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটি দোষী সাব্যস্ত। তাদের বিরুদ্ধে ১১৫টি অভিযোগের প্রায় সবগুলোই প্রমাণিত। ক্লাবটি তাদের আয় অবিশ্বাস্যভাবে ৯০০ মিলিয়ন পাউন্ডেরও (১ লক্ষ ৪৬ হাজার ৫১৫ কোটি টাকা) বেশি বাড়িয়ে দেখিয়েছিল বলে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।
একটি স্বাধীন কমিশন সিটিকে বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে ‘ভুয়া চুক্তি’ করার জন্য দোষী সাব্যস্ত করেছে। এসব চুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে আয় বাড়ানো এবং খরচ কম দেখানো হয়েছিল। একই সঙ্গে ক্লাবটি তাদের আর্থিক হিসাবেও ভুল তথ্য দিয়েছিল, যাতে প্রকৃত আর্থিক পরিস্থিতি গোপন থাকে। সঠিক হিসাব প্রকাশ করা হলে প্রিমিয়ার লিগ ও উয়েফার ব্যয়সীমা উল্লেখযোগ্যভাবে লঙ্ঘন হতো।
সিটি খেলোয়াড়দের এবং তৎকালীন কোচ রবার্তো মানচিনির সঙ্গে ‘ভুয়া’ ইমেজ-রাইটস চুক্তি করার অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছে। এসব চুক্তির উদ্দেশ্য ছিল কৃত্রিমভাবে তাদের আয় বাড়িয়ে দেখানো।

