বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ২১:২৮

বলিউড অভিনেতা দিনো মোরিয়া। ছবি: সংগৃহীত
আর্থিক অনিয়মের মামলায় বলিউড অভিনেতা দিনো মোরিয়াকে গ্রেফতার করা হয়েছে। মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ) দিনোকে গ্রেফতার করে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) নায়কের বান্দ্রার বাসভবনে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত বছর ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিনো মোরিয়ার বাড়িতে ১৪ ঘণ্টা তল্লাশি চালায়। একাধিকবার জিজ্ঞাসাবাদও করা হয়েছিল তাকে। তবে সেবার গ্রেফতার না হলেও এবার তাকে গ্রেফতার করা হয়েছে। মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কারের বিভিন্ন চুক্তিতে আর্থিক অনিয়মের অভিযোগে মামলা দায়েরের জেরে গ্রেফতার হন তিনি।
তদন্তকারীরা বলছেন, দরপত্রে কারসাজি, অতিরিক্ত খরচ দেখানো ও ভুয়া বিল তৈরির কারণে স্থানীয় বৃহন্মুম্বাই পৌরসভার (বিএমসি) প্রায় ৬৫ কোটি ৫৪ লাখ রুপি ক্ষতি হয়েছে। কাজের চুক্তি কীভাবে দেয়া হয়েছিল, অর্থ কোথায় গেছে এবং এসব অনিয়মে কার কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখতেই মামলার অন্যতম অভিযুক্ত গ্রেফতার হওয়া কেতন কদম ও জয়েশ জোশীর সূত্র ধরে তদন্তে দিনোর নাম উঠে আসে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ফোনকলের রেকর্ড ও প্রয়োজনীয় নথি বিশ্লেষণ করে অর্থ পাচারের হদিস পেয়েছে মুম্বাই পুলিশ। তাই বিষয়টি আরও খতিয়ে দেখেছেন তদন্তকারীরা।

