মহানগর ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ২১:৩২

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ফাইল ছবি
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের অবিলম্বে মুক্তি চেয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
শুক্রবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন। সাজানো মামলা প্রত্যাহার করুন। তিনি কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শফিকুর রহমান লিখেন, বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি কেবল যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশিদের প্রতি উপেক্ষা ও তাদের সাথে অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন। তার ভাষা কি ছিল সেটা দেখেন। কিন্তু তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তার ভুক্তভোগী সাক্ষী বিমানবন্দরের উপস্থিত যাত্রীরা।
‘অতএব বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে চাপা দেয়ার উদ্দেশ্যে এ হয়রানিমূলক গ্রেফতার করে থাকলে, অশনি সংকেত! ভুক্তভোগী জনগণ এটা কোনো অবস্থাতেই মেনে নেবেন না’, যোগ করেন জামায়াত আমির।

