আন্তর্জাতিক

ইরানের ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিশ্বাসযোগ্য বেসামরিক উদ্দেশ্য নেই: মার্কিন দূত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ২০:৩৫

ইরানের ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিশ্বাসযোগ্য বেসামরিক উদ্দেশ্য নেই: মার্কিন দূত

ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং এর কোনো বিশ্বাসযোগ্য বেসামরিক উদ্দেশ্য নেই বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। তিনি দাবি করেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করছে এবং কর্মসূচি বন্ধ করতে অস্বীকৃতি জানাচ্ছে।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় ওয়াল্টজ বলেন, ‘ইরান নিয়ম ভঙ্গ করেছে। তারা তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছে।’

 

তিনি বলেন, ‘তারা ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যার কোনো বিশ্বাসযোগ্য বেসামরিক উদ্দেশ্য নেই।’ একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি বারবার দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

 

ওয়াল্টজের দাবি, মাত্র দুই সপ্তাহ আগে আইএইএর গভর্নরস বোর্ড আন্তর্জাতিক পরমাণু চুক্তির বাধ্যবাধকতা পালনে ইরানের ব্যর্থতার বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ইরানের আলোচনাকারীরা দেশটির পারমাণবিক কর্মসূচি পুরোপুরি পরিত্যাগের দাবি মেনে নিতে এখনো অস্বীকৃতি জানাচ্ছেন।

 

তবে যুক্তরাষ্ট্রের এসব দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) অধীনে তাদের অধিকার।

 

ইরানি কর্মকর্তারা আইএইএর বিরুদ্ধেও পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলেছেন। সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন প্রস্তাবকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।

 

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিশেষ করে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের বিষয়টি পশ্চিমা দেশগুলোর উদ্বেগের অন্যতম কারণ হয়ে উঠেছে। তবে ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য শান্তিপূর্ণ কাজে ব্যবহার।

 

তথ্যসূত্র: আল জাজিরা

ইরানের ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিশ্বাসযোগ্য বেসামরিক উদ্দেশ্য নেই: মার্কিন দূত | সময় নিউজ