মহানগর ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৯:৩৪

স্বৈরাচার ও গুপ্তরা আবারও একজোট হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গুপ্ত বাহিনী বলছে, পতিত স্বৈরাচার ফিরলে তাদের আপত্তি নেই। আপত্তি থাকবে কী করে, তারা তো তলেতলে একসঙ্গে কাজ করেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তারা (বিরোধী দল) শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছে। মানুষের উপকার হয় এমন কোনো কর্মসূচি তাদের নেই। যারা অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
তিনি বলেন, জনগণের অর্থ সুন্দরভাবে বণ্টন করা হচ্ছে। যাতে জনগণ উপকৃত হয়। ফ্যামিলি ও কৃষক কার্ডের মতো কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে পারলে জনগণ উপকৃত হবে। তবে দেশে অরাজকতা সৃষ্টি হলে এসব কাজ করা সম্ভব হবে না।
সরকারপ্রধান বলেন, কিছু মানুষ এক দফার কথা বলছে। যারা এক দফা শুরু করেছে বা যারা পালিয়ে গিয়েছিলো, তাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো কর্মসূচি নেই। তাহলে তারা কীসের রাজনীতি করে? মানুষের জন্য তাদের কর্মসূচি কোথায়?

