বাংলাদেশ

আগামী জুনের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: শাহে আলম

প্রতিবেদক, গাইবান্ধা

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৬:১৬

আগামী জুনের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: শাহে আলম

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সকল নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে সরকার।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

 

প্রতিমন্ত্রী বলেন, ‘এসব স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচনের কোনো দায় সরকার নেবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনে প্রতিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে।’

 

তিনি জানান, সরকারের কোনো লাভজনক জায়গায় থেকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। এক্ষেত্রে এমপিওভুক্ত স্কুলের শিক্ষকরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা, সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

 

দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে সরকারের নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ছাদ সোলার বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বিদ্যুতের এই সংকট মোকাবিলায় ইতিমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ শুরু হয়েছে। ছাদ সোলারের উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে দেয়া হবে। এ লক্ষ্যে ইতিমধ্যেই ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।’

 

মীর শাহে আলম বলেন, ‘এ দেশ যতবার পথ হারিয়েছে ততবার বিএনপি সরকার টেনে তুলেছে। অর্থনৈতিকভাবে ভঙ্গুর একটি দেশ হিসেবে কিছুদিন আগে এদেশের দায়িত্ব আবারও বিএনপি নিয়েছে। সুষম বণ্টনের ভিত্তিতে গোটা দেশের উন্নয়ন করা হবে।’

 

এর আগে গাইবান্ধা সার্কিট হাউসে পৌঁছালে প্রতিমন্ত্রীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভায় যোগ দেন তিনি।
 

আগামী জুনের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: শাহে আলম | সময় নিউজ