বাংলাদেশ

ডেঙ্গুতে আক্রান্ত খুলনার সিভিল সার্জন

খুলনা ব্যুরো

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৯:২৮

ডেঙ্গুতে আক্রান্ত খুলনার সিভিল সার্জন

খুলনার সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে পরীক্ষা করালে তাঁর ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ভবনের অতিথিকক্ষে চিকিৎসাধীন।


সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় একটি প্রশিক্ষণ শেষে বের হওয়ার পর জ্বরে আক্রান্ত হন মাহফুজা খাতুন। পরদিন ২৯ সেপ্টেম্বর খুলনায় ফিরে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন।
খুলনা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী তার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি জানান।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুধবার সকালে ডেঙ্গু পরীক্ষা করানো হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। মোছা. মাহফুজা খাতুন ২০২৫ সালের ৬ মার্চ খুলনার সিভিল সার্জন হিসেবে যোগ দেন।

এদিকে খুলনা বিভাগজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৯৩ এবং বেসরকারি হাসপাতালে ৬৩ জন ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৪৮ জন।

জেলাভিত্তিক হিসাবে খুলনায় ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি। খুলনা জেলায় এখন পর্যন্ত ৫ হাজার ২১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ২ হাজার ৭৬৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত খুলনার সিভিল সার্জন | সময় নিউজ