বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৫:২৮

২০২৮ সালে মুক্তি পেতে পারে ‘স্ত্রী থ্রি’। ছবি: সংগৃহীত
বলিউডের বক্স অফিস হিট সিনেমা‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক দিনেশ ভিজান। তিনি জানিয়েছেন, সিনেমাটির চিত্রনাট্যের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে।
এবারও সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকবেন নির্মাতা অমর কৌশিক। প্রতিবারের মতো এবারও নানা চমক থাকবে সিনেমাটিতে। তবে নির্মাতার পরিকল্পনা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করতে চাননি প্রযোজক।
নতুন সিনেমার শুটিং শুরু কবে হচ্ছে সে প্রসঙ্গে দিনেশ ভিজান বলেন, ‘অমর কৌশিক ‘স্ত্রী’ এবং পুরো হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সে আমাদের সবচেয়ে উচ্চাভিলাষী ‘মহাবতার’ সিনেমা পরিচালনা করছে, এটি ভগবান পরশুরামের গল্প। জানুয়ারির শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হবে এবং জুনের মধ্যে শেষ হবে। তাই আগামী বছরের শেষ দিকে আমরা ‘স্ত্রী থ্রি’-এর শুটিং শুরু করবো।’
সিনেমা সংশ্লিষ্টরা আশা করছেন,‘স্ত্রী থ্রি’ ২০২৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার। এ সিনেমাতেও প্রধান চরিত্রে ধরা দেবেন রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর। সিনেমায় পৌরাণিক কাহিনির ছায়ায় চন্দ্রভানের বংশধর হিসেবে অক্ষয় কুমারের অভিনয় করার কথা রয়েছে।
প্রসঙ্গত, ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৮ সালে। ৬ বছর বিরতির পর সিনেমাটির দ্বিতীয় কিস্তি আসে ২০২৪ সালে। অপেক্ষার অবসান ঘটিয়ে সিনেমাটির তৃতীয় কিস্তি আসছে ২০২৮ সালে।

