নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৫:১৮

মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলায় গুরুত্বারোপ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শুক্রবার (২ অক্টোবর) মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিষয়ে কথা বলেন।
সংস্কৃতি মন্ত্রী বলেন, মাদক, জুয়া, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করে।
মন্ত্রী আরও বলেন, পুলিশ কেবল জনগণের বন্ধু ও নিরাপত্তার রক্ষকই নয়, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নেও বাংলাদেশ পুলিশ অগ্রণী ভূমিকা পালন করছে। জনগণের সঙ্গে পুলিশের নিবিড় সম্পর্ক আরও সুদৃঢ় করতে কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি এ ধরনের সময়োপযোগী ও জনসম্পৃক্ত আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখতে সুস্থ সংস্কৃতিচর্চা একটি কার্যকর হাতিয়ার। এ লক্ষ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি নজরুল বর্ষ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, কাজী নজরুল ইসলামের মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা, দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বিভিন্ন শ্রেণি-পেশা ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচিতে শিক্ষার্থী ও তরুণদের ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে মাগুরা পুলিশ সুপার সকল খেলোয়াড়কে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-৫) অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ এবং মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান খিজিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ভাষা শহীদদের স্মরণে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে নবনির্মাণাধীন শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

