বাংলাদেশ

মাকে মারধর: ছেলেকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড

প্রতিবেদক, বান্দরবান

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৪:৪৬

মাকে মারধর: ছেলেকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড

বান্দরবানে মাকে মারধরের দায়ে ছেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

বান্দরবানের লামায় মায়ের গায়ে হাত তোলায় ইমতিয়াজ নামে এক যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ রায় ঘোষণা করেন ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।


দণ্ডপ্রাপ্ত ইমতিয়াজ লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার সোহরাব ড্রাইভারের ছেলে।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইমতিয়াজের বিরুদ্ধে ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র সঙ্গে রাখার অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রম শেষে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় তাকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, ‘যে সন্তানকে একজন মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছেন, সেই সন্তানই যখন মাকে মারধর করে এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ডের কারণেই তাকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।’


স্থানীয়রা জানান, ইমতিয়াজ মাদক সেবন করে প্রায় সময় বাসায় উচ্ছৃঙ্খল আচরণ করতেন। নেশা করার টাকার জন্য তিনি বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করতেন।

মাকে মারধর: ছেলেকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড | সময় নিউজ