খেলা ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৮:৪৬

ভারত দুবার নাকভির কাছ থেকে এশিয়া কাপের ট্রফি নেয়নি। ছবি: এপি
ভারত বেশ অস্বস্তিমূলক পরিস্থিতিতেই পড়েছিল। মহসিন নাকভির হাত থেকে ছেলেদের ও মেয়েদের এশিয়া কাপের ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানানো দলটির সামনে এশিয়ান গেমসে এমনটি করার সুযোগ ছিল না।
এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) নিয়ম অনুযায়ী, পদক বিতরণ করেন ওসিও সভাপতি অথবা তার মনোনীত কোনো প্রতিনিধি। বিজয়ী দলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক প্রদর্শন বা কর্মকাণ্ডের অনুমতি নেই। অর্থাৎ এসিসি প্রেসিডেন্ট হিসেবে নাকভি মনোনীত হলে ভারত ক্রিকেট দলকে তার কাছ থেকেই ট্রফি নিতে বাধ্য থাকতে হতো। নাকভি আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যানও।
জাপানের নাগোয়ায় আগামীকালের ভারত ও পাকিস্তানের মধ্যকার এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালের আগে জানা গেল, নাকভি এই ইভেন্টের পদক বিতরণী অনুষ্ঠানে থাকবেন না। এসিসি তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছে। এ খবরটি ভারতের কাছে হাঁপ ছেড়ে বাঁচার জন্য যথেষ্ট।
এসিসি জানিয়েছে, আগের থেকে নির্ধারিত কিছু দায়বদ্ধতার কারণে নাকভি পদক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। তবে ফাইনাল এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে তিনি চারটি দলের প্রতিই শুভকামনা জানিয়েছেন।
এসিসি বলেছে, ‘এশিয়ান গেমস ২০২৬-এর ফাইনালস ডেতে পূর্বনির্ধারিত কিছু দায়বদ্ধতার কারণে এসিসি সভাপতি মহসিন নাকভি উপস্থিত থাকতে পারবেন না। তবে স্বর্ণ ও ব্রোঞ্জ পদকের ম্যাচের আগে তিনি চারটি দলের প্রতিই আন্তরিক শুভকামনা জানিয়েছেন।’

