প্রতিবেদক, কুড়িগ্রাম
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৮

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না। নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা হবে। যে সময় সারের সংকটের কথা বলা হয়েছিল সেসময় সারা দেশে সারের সংকট ছিল না। কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। এর সঙ্গে একটি রাজনৈতিক দল ও ফ্যাসিস্ট সরকারের কিছু ডিলার জড়িত ছিল। এ কারণে প্রতি ইউনিয়নে আরও একজন করে ডিলার নিয়োগ দেয়া হবে।
এসময় তিনি আরও বলেন, কুড়িগ্রামসহ যেসব জেলায় জামায়াতে ইসলামীর এমপি ছিল সেসব এলাকায় সারের সংকট হয়েছিল। আর যেসব আসনে বিএনপি সংসদ সদস্য ছিল সেখানে সারের সংকট হয়নি। একটি রাজনৈতিক দল জনগণের কাছে বিএনপিকে হেয়প্রতিপন্ন করার জন্য এ সংকট তৈরি করেছে। আগামী দিনে সারের কোনো সংকট হবে না।
তিনি বলেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা বলেছিলেন বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা বিএনপি সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সাময়িকভাবে গ্যাস ও বিদ্যুতের সমস্যার কিছু সমাধান হয়েছে। তবে পুর্ণাঙ্গরূপে সমাধান হতে আরও কিছুটা সময় লাগবে।
এসময় দেশে আইন শৃঙ্খলার প্রশ্নে তিনি বলেন, বিরোধী দল যেকোনো বিষয়ে সরকারের ওপর দায় চাপাবে। এটি গণতন্ত্রের সৌন্দর্য। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বুধবার সকাল সাড়ে ১১ টায় জেলার আইনশৃঙ্খলা মিটিংয়ে যোগ দেয়ার আগে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ চেয়ারম্যান সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপি'র আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

