মাছুদুর রহমান
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৯

রাজধানীর নিউগিনি প্রপার্টিজ লিমিটেডে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে (৬৬) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর রমনা থানার সেগুনবাগিচার ২০ নম্বর সড়কের ২/এ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের একটি দল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম সাবেক এই সেনা কর্মকর্তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া গোলাম মহিউদ্দিন চৌধুরী বর্তমানে পল্লবী থানার মিরপুর ডিওএইচএসের ১৬ নম্বর সড়কের এভিনিউ-০২-এর ৯৭৩ নম্বর বাড়িতে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা একটি মামলার (মামলা নম্বর: ১৪) এজাহারনামীয় চার নম্বর আসামি গোলাম মহিউদ্দিন চৌধুরী।
মামলার এজাহারে অবৈধ জনতা গঠন, বেআইনি অনুপ্রবেশ, অস্ত্র নিয়ে দাঙ্গা সৃষ্টি, মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত ও হত্যাচেষ্টা, চুরি, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নানা অভিযোগ আনা হয়েছে।

