নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪

ভারতের পানি নীতির সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, নদীতে বাঁধ দিয়ে পানি আটকে রাখতে চায় ভারত, আমরাও নতুন করে বাঁধ দিয়ে পানি ধরে রাখার ব্যবস্থা করছি। তারা ফারাক্কা আটকালে আমরা তিস্তা আটকাব। শুষ্ক মৌসুমে এই আটকে রাখা পানি দেশের কাজে লাগানো হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার স্বাস্থ্য খাতে শুধু অবকাঠামো তৈরি করে লাখ লাখ টাকার অপচয় করেছে। তবে বর্তমান সরকার অবকাঠামোর সঙ্গে সঙ্গে জনবল নিয়োগেও গুরুত্ব দিচ্ছে। এরই মধ্যে দেশব্যাপী নার্স নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে এবং বর্তমানে পুলিশ ভেরিফিকেশন চলছে।
এসময় দেশে এইচআইভি বা এইডস রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে সেমিনারে উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী আগামী দুই মাসের মধ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। এছাড়া, সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি তিনি উপস্থিত চিকিৎসকদেরও ধূমপান ছাড়ার বিশেষ অনুরোধ জানান।

