বাংলাদেশ

সোহরাওয়ার্দীতে স্বাধীনতা স্তম্ভ থাকবে না এমন প্রচারণা ভিত্তিহীন: আযম খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭

সোহরাওয়ার্দীতে স্বাধীনতা স্তম্ভ থাকবে না এমন প্রচারণা ভিত্তিহীন: আযম খান

সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার স্তম্ভ কী করে সম্পন্ন করা যায় তা নিয়ে চিন্তা করছে সরকার, জানালেন আযম খান। ছবি: সময় সংবাদ

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ থাকবে না এমন প্রচারণা ভিত্তিহীন।


বুধবার (৩০ সেপ্টেম্বর) ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


আযম খান বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার স্তম্ভ কী করে সম্পন্ন করা যায় তা নিয়ে চিন্তা করছে সরকার। সেখানে ফোঁয়ারা বানানো নিয়ে কোনো আলোচনা হয়নি। স্বাধীনতা স্তম্ভর কাজ শেষ না হওয়ায় তা নিয়ে আলোচনা করছে সরকার। তবে স্বাধীনতার স্তম্ভ থাকবে না এমন প্রচারণা ভিত্তিহীন।


ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক নিয়ে তিনি বলেন, সৌজন্য মতবিনিময় করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আলোচনা হয়নি। দুই দেশের মধ্যে উন্নয়ন নিয়ে কথা হয়েছে।


ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে আশাবাদী ভারত


এদিকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ঢাকা-দিল্লি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী ভারত।


ত্রিবেদী বলেন, দুই দেশের সময় বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে। দিন, মাস নিয়ে কথা হয়নি।তাড়াহুড়ো করে খুব বেশি লাভ হয় না। তবে খুব শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সার্বিক পরিবেশ ইতিবাচক। দুই পক্ষের মানুষ চায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক।


তিনি বলেন, দুই দেশের শিক্ষা ও স্বাস্থ্যখাত নিয়ে কথা হয়েছে। দুই দেশের একটা ইন্টারেস্ট আছে।

সোহরাওয়ার্দীতে স্বাধীনতা স্তম্ভ থাকবে না এমন প্রচারণা ভিত্তিহীন: আযম খান | সময় নিউজ