আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫

জি-সেভেন জানিয়েছে, অংশীদার দেশগুলোর মধ্যে জ্বালানি রফতানিতে নতুন বিধিনিষেধ এড়িয়ে চলার বিষয়ে সমন্বয় করা হবে। ছবি: রয়টার্স
বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে এবার বড় পরিসরে মজুত ছাড়ার পথে জি-সেভেন। জরুরি রিজার্ভ থেকে আগামী চার মাসে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে ধনী দেশগুলোর জোটটি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মাধ্যমে এই সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে ফ্রান্স।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউরোপের ওপর চাপ বাড়ার মধ্যেই এই সিদ্ধান্ত এসেছে। জরুরি মজুত থেকে ডিজেল না ছাড়লে ইউরোপের কয়েকটি দেশের ওপর মার্কিন ডিজেল রফতানি নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে জার্মানি ও ফ্রান্সকে মজুত উন্মুক্ত করার জন্য চাপ দেয়া হয়।
তবে জি-সেভেনের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই অবস্থান পরিষ্কার করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ট ট্রাম্প। তিনি জানান, ডিজেল রফতানিতে নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দেবেন না তিনি। এর আগে ট্রাম্প বলেন, ইউরোপ তাদের বড় মজুতের ডিজেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে এবং প্রক্রিয়াটি দ্রুত শুরু হবে।
তিনি বলেন, ‘ইউরোপের কাছে প্রচুর ডিজেল আছে এবং তারা বিশ্ববাজারে বড় ধরনের অবদান রাখতে যাচ্ছে। আমরাও তাই করব। আমরা ডিজেল রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি না। তবে আমি তাদের অনুরোধ করেছিলাম এবং খুব শিগগিরই আমাদের কাছে প্রচুর তেল থাকবে। ইরানের বিষয়টি শেষ হলেই, যা বেশি সময় লাগবে না, তেলের দাম কমে যাবে।’
জি-সেভেন আরও জানিয়েছে, অংশীদার দেশগুলোর মধ্যে জ্বালানি রফতানিতে নতুন বিধিনিষেধ এড়িয়ে চলার বিষয়ে সমন্বয় করা হবে।

