খেলা

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে উত্তেজনা, মাঝপথেই আয়ারল্যান্ডের কোচের সংবাদ সম্মেলন শেষ

খেলা ডেস্ক

প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ২২:০১

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে উত্তেজনা, মাঝপথেই আয়ারল্যান্ডের কোচের সংবাদ সম্মেলন শেষ

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে উত্তেজনায় মাঝপথেই সংবাদ সম্মেলন শেষ করতে হয়েছে আয়ারল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসনকে (বাঁয়ে)। ছবি: রয়টার্স

ইসরায়েলের বিপক্ষে ম্যাচের আগের দিন (৩ অক্টোবর) আয়ারল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসনের সংবাদ সম্মেলনে ইসরায়েলি সাংবাদিকদের সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার পর মাঝপথেই ইতি টানতে হয়েছে। ইসরায়েলের চালানো গণহত্যার বিষয়ে আয়ারল্যান্ড দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছে। চলতি শরতে ইসরায়েলের বিপক্ষে নেশনস লিগের দুটি ম্যাচও ইতোমধ্যে বেশ কয়েকটি বিতর্কের জন্ম দিয়েছে।

 

চলতি সপ্তাহের শুরুতে গাজায় ইসরায়েলের চালানো যুদ্ধের প্রতিবাদে প্রথম লেগের ম্যাচ বয়কট করার হুমকি দিয়েছিলেন আয়ারল্যান্ডের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত গত রোববার (২৭ সেপ্টেম্বর) হাঙ্গেরির ডেব্রেসেনে নির্ধারিত সময়েই ম্যাচটি অনুষ্ঠিত হয়। নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ইসরায়েল নিজেদের দেশে ম্যাচ আয়োজন করতে পারেনি।

 

ম্যাচটি ৩-০ গোলে জিতে নেয় আয়ারল্যান্ড। খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন এবং ইসরায়েলের জাতীয় সংগীত বাজানোর সময় ইচ্ছাকৃতভাবে মাথা নিচু করে রাখেন। ম্যাচ শুরুর আগে দুই দলের অধিনায়করা স্মারক পতাকা বিনিময় কিংবা করমর্দনও করেননি।

 

আজ (৪ অক্টোবর) সার্বিয়ার বাক্কা তোপোলায় ফিরতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে আইরিশ ফুটবল ফেডারেশন ম্যাচটি নিজেদের দেশে আয়োজন করতে রাজি হয়নি। ম্যাচের আগে হালগ্রিমসনের সংবাদ সম্মেলনেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

এএফপিটিভির ফুটেজ অনুযায়ী, এক সাংবাদিক সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি  বিমানে বুধবারের (৩০ সেপ্টেম্বর) হামলা নিয়ে আইসল্যান্ডের এই কোচকে প্রশ্ন করার পর পরিস্থিতি উত্তপ্ত হয়। আমিরাত ও ইসরায়েলি কর্তৃপক্ষ ওই ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছিল।

 

সাংবাদিকটি ইংরেজিতে বলেন, ‘আপনি যাদের সমর্থন করেন, তাদের সম্পর্কে কী মনে করেন? তাদের আদর্শই হত্যার ওপর ভিত্তি করে। এই সপ্তাহেই তাদের একসঙ্গে ১৭০ জন ইসরায়েলি যাত্রীকে হত্যার চেষ্টা করেছে।’

 

ওই সাংবাদিকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

 

এরপর একজন প্রেস কর্মকর্তা সঙ্গে সঙ্গে বলেন, ‘আজ আমরা এ ধরনের প্রশ্নের উত্তর দেব না। আমরা শুধু ফুটবলসংক্রান্ত প্রশ্নের উত্তর দেব।’

 

এর কিছুক্ষণ পর আরেক সাংবাদিক আয়ারল্যান্ডের কোচকে উদ্দেশ করে বলেন, ‘ম্যাচের সময় আপনার খেলোয়াড়রা আমাদের খেলোয়াড়দের “বানর” বলে ডাকে...’

 

এরপর একজন প্রেস কর্মকর্তা বাধা দিয়ে বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা।’ একই সময় ওই সাংবাদিকের কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়া হয়।

 

সাংবাদিকটি তখন বলেন, ‘আমাকে স্পর্শ করবেন না, আমাকে স্পর্শ করবেন না।’

 

এরপর আইরিশ প্রতিনিধিদল সংবাদ সম্মেলনটি নির্ধারিত সময়ের আগেই শেষ করে বেরিয়ে যায়।

 

রাজনীতি নিয়ে মন্তব্য করতে চাননি ইসরায়েল কোচ: 

 

ইসরায়েলের কোচ রান বেন শিমনও দিনের পরের দিকে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, রাজনীতি নিয়ে তিনি ‘কথা বলেন না’।

 

তিনি বলেন, ‘কৌশলগত দিক থেকে এবং ম্যাচের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে দলটির অনেক উন্নতি দেখতে চাই। এটাই আমার একমাত্র অগ্রাধিকার। এই মুহূর্তে ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয়, এমন কোনো প্রশ্নের উত্তর আমি দেব না।’

 

আইরিশ জাতীয় দলের বিভিন্ন উদ্যোগের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারও ডাবলিনকে অভিযুক্ত করে বলেছেন, আয়ারল্যান্ড ‘ইতিহাসের ভুল পাশে’ অবস্থান করছে।
 

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে উত্তেজনা, মাঝপথেই আয়ারল্যান্ডের কোচের সংবাদ সম্মেলন শেষ | সময় নিউজ