প্রতিবেদক, মুন্সিগঞ্জ
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একই স্থানে স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত এবং বাসের এক যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ৩টা ২৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রথমে ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেলকে অজ্ঞাতনামা একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মো. আসলাম হোসেন (৪০) ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি ঢাকার শাহবাগে। এর কিছুক্ষণ পর একই দিক থেকে আসা লিটন ট্রাভেলসের চালক দুর্ঘটনাস্থল দেখতে গাড়ির গতি কমিয়ে ব্রেক করেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের যাত্রী মো. নজরুল ইসলাম (৪৭) আহত হন। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে।
ফায়ার সার্ভিসের সদস্যরা মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত নজরুল ইসলামকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পরে বাসের যাত্রীদের নিরাপদে নামিয়ে দেয়া হয়। নিহত আসলাম হোসেনের পকেট থেকে উদ্ধার করা ১৮ হাজার টাকা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।

