আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৬

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ইরানি প্রতিনিধিদলের দুই সদস্যকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। পরে তাদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার অনেক পরও ইরানি প্রতিনিধিদলের দুই সদস্যকে নিউইয়র্কে অবস্থান করতে দেখা যায়। পরে তাদের যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য করা হয়।
ওই কর্মকর্তা বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টি নিয়ে ‘যথেষ্ট কঠোর’ অবস্থানে রয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও তার প্রতিনিধিদলকে সোমবারের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দফতর। তবে শুক্রবার জাতিসংঘে ইরানের মিশনের মাধ্যমে জানা যায়, প্রতিনিধিদলের দুই সদস্য তখনও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এরপর তাদের বহিষ্কারের উদ্যোগ নেয় ওয়াশিংটন।
সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, প্রতিনিধিদলের একজন সদস্য শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র ছাড়েন। অপর সদস্য শনিবার সকালে দেশ ছাড়েন।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গত সপ্তাহে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছিল।
এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি মার্কিন সংবাদমাধ্যমকে বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে দুই দেশের মধ্যে আলোচনা আবারও শুরু হতে পারে বলে তিনি আশা করছেন।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের নতুন করে কোনো সরাসরি আলোচনা নির্ধারিত হয়নি।
তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

