খেলা

শচীনকে পেছনে ফেলে রোহিতের নতুন বিশ্বরেকর্ড

খেলা ডেস্ক

প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৭

শচীনকে পেছনে ফেলে রোহিতের নতুন বিশ্বরেকর্ড

শচীনকে পেছনে ফেলে রোহিতের নতুন বিশ্বরেকর্ড। ছবি: এএফপি

ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন রোহিত শর্মা। ওয়ানডেতে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়ে স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন ভারতের এই তারকা ব্যাটার।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে এই কীর্তি গড়েন রোহিত। মাইলফলক থেকে মাত্র ২ রান দূরে ছিলেন তিনি। ইনিংসের চতুর্থ বলেই জায়ডেন সিলসকে দুই রান নিয়ে পূর্ণ করেন ওপেনার হিসেবে ১০ হাজার রান।


এই মাইলফলকে পৌঁছাতে রোহিত খেলেছেন ২০২ ইনিংস। ২০০৪ সালে শচীন ২১৪ ইনিংসে ওপেনার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন। অর্থাৎ, ভারতীয় কিংবদন্তির চেয়ে ১২ ইনিংস কম খেলেই রেকর্ডটি নিজের করে নিয়েছেন রোহিত।


ওয়ানডেতে ওপেনার হিসেবে ১০ হাজার রান করা চতুর্থ ব্যাটার রোহিত। তার আগে শচীন ছাড়াও এই তালিকায় আছেন ক্রিস গেইল ও সনাৎ জয়সুরিয়া। গেইলের লেগেছিল ২৬৮ এবং জয়সুরিয়ার ৩০৩ ইনিংস।


এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ৩৯ বছর বয়সি রোহিত। তৃতীয় ম্যাচে ৮৫ বলে ৯২ রান করে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি।

শচীনকে পেছনে ফেলে রোহিতের নতুন বিশ্বরেকর্ড | সময় নিউজ