বিনোদন

অভিযোগের বিরুদ্ধে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১২:২৯

অভিযোগের বিরুদ্ধে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। ছবি:সংগৃহীত

আয়কর দফতরের তল্লাশি চালানোর প্রায় এক সপ্তাহ পর আনিত অভিযোগের বিরুদ্ধে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ বিবৃতি দিয়ে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, বিদেশে অর্থ পাঠানো বা ‘বেনামি সম্পত্তি’ রাখার সঙ্গে তার কোনও যোগ নেই।

 

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর মুম্বইয়ে আয়কর দফতর একাধিক জায়গায় তল্লাশি চালায়। তল্লাশি অভিযানের পর অভিনেত্রীকে জড়িয়ে প্রকাশিত হয় একাধিক খবর। যেখানে নায়িকার বিরুদ্ধে অভিযোগ করা হয়,‘বেনামি সম্পত্তি’র পাশাপাশি বিদেশে অর্থ পাচার করেছেন তিনি। তবে এ অভিযোগ ভুল, উদ্দেশ্যপ্রণোদিত এবং অনুমাননির্ভর বলে দাবি করেন রাকুল প্রীত।

 

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রাকুল লেখেন, ‘এটা খুবই কষ্টের যে স্বঘোষিত অনলাইন রিপোর্টার এবং কিছু মূলধারার সংবাদমাধ্যমের সাংবাদিক তথ্য যাচাই না করেই খবরকে চাঞ্চল্যকর করে তুলছেন।’

 

অভিনেত্রী আরও লেখেন, ‘সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান আমি। ইন্ডাস্ট্রিতে আমার কোনও ‘গডফাদার’ নেই। নিজের পরিশ্রমেই ইন্ডাস্ট্রিতে জায়গা তৈরি করেছি। আমি কারও হয়ে দেশের কোথাও বা বিদেশে কোনও বেনামি সম্পত্তি রাখি না। কেউ কোনওদিন আমাকে কোনও সম্পত্তি উপহারও দেননি।নীতিগতভাবেই আমি এত দামি উপহার গ্রহণও করি না। একজন দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে ২০ বছর বয়স থেকেই নিয়মিত আমি কর দিয়ে আসছি।’

 

প্রসঙ্গত, রাকুল প্রীত সিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখনো কোনো মন্তব্য প্রকাশ করেননি তার স্বামী তথা অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি। এদিকে নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। খুব শিগগিরই নীতেশ তিওয়ারির বিগ বাজেটের সিনেমা‘রামায়ণ’-এ সূর্পণখার চরিত্রে দেখা যাবে তাকে।  

অভিযোগের বিরুদ্ধে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত | সময় নিউজ