প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১২:৫৯

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেয়ার পথে ‘পিচ্চি রাজা’ ওরফে রাজাকে প্রিজনভ্যান থেকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেফতার দুই পুলিশ সদস্যসহ তিনজনকে চারদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক জুবায়ের রশিদ এর রায় দেন।
গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘পিচ্চি রাজা’ ওরফে রাজাকে প্রিজনভ্যান থেকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেফতার দুই পুলিশ সদস্যসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে দেয়া হয়েছে।
এর আগে সোমবার (৫ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান গ্রেফতার আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এরপর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আজ শুনানি শেষে আদালত আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার বিষয়ে সোমবার দুপুর ১২টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ২৯ আসামিকে নিয়ে প্রিজনভ্যানটি ঢাকা জেলা জজ আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফিরছিল। ভ্যানটি গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় পৌঁছালে শৌচকর্মের কথা বলে পিচ্চি রাজা প্রিজনভ্যান থেকে পালিয়ে যান বলে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছিলেন। তবে তদন্তে সেই বক্তব্যের মিল পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার জানান, প্রিজনভ্যানের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা পিচ্চি রাজাকে টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছেন। কিন্তু কত টাকার বিনিময়ে তারা কাজটি করেছেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেনের বাড়ি থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুই পুলিশ সদস্য এবং পিচ্চি রাজার এক বোনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন প্রবীর কুমার বিশ্বাস, কামাল হোসেন এবং পিচ্চি রাজার বোন তাসলিমা।
গত ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পিচ্চি রাজাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই এলাকার শীর্ষ মাদক কারবারিদের একজন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

