প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৯:৪২

নারায়ণগঞ্জের বন্দরে পণ্যবাহী ট্রাকের চাকা বিস্ফোরণ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের বন্দর রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাস্তায় বিকট শব্দে দ্রুতগতির একটি ট্রাকের চাকা বিস্ফোরণ হয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে ট্রাকটি একটি ফার্নিচারের দোকানে ঢুকে যায়। এসময় দোকান ও আশপাশে থাকা লোকজন চাপা পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন চারজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
তারা আরও জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন জানান, ট্রাকচাপায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

