আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ২২:০১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের বিশ্রাম স্থান হিসেবে পরিচিত ক্যাম্প ডেভিডে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২ অক্টোবর) অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল ইরান ও ইয়েমেন যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে। মার্কিন কংগ্রেস ঘনিষ্ঠ সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউস থেকে বৈঠকটির বিষয়ে আগে কোনো ঘোষণা দেওয়া হয়নি। এ ধরনের বৈঠক অত্যন্ত বিরল। এর আগে সর্বশেষ ২০২৫ সালের জুনে একই ধরনের বৈঠক হয়েছিল। তার কয়েক দিন পরই ইরানে ইসরাইলের হামলা শুরু হয়েছিল।
অ্যাক্সিওসের প্রতিবেদন মতে, বৈঠকে সভাপতিত্ব করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, বিশেষ প্রেসিডেন্ট দূত স্টিভ উইটকফ, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
এক মার্কিন কর্মকর্তা বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য, বৈঠকে ‘কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অথবা অন্তত গভীরভাবে আলোচনা করা হয়েছে।’ বৈঠকে ইরান যুদ্ধের পাশাপাশি ইয়েমেন পরিস্থিতি এবং পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

