প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১১:৫৫

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স। ছবি: সংগৃহীত
কুমিল্লার সদর দক্ষিণে গেটম্যানহীন একটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আহত হয়েছেন। তবে সেসময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিলেন না।
কুমিল্লার সদর দক্ষিণে গেটম্যানহীন একটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সটির চালক নান্টু আহত হয়েছেন। তবে দুর্ঘটনার পর তিনি নিজেই অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের জাঙ্গালিয়া নোয়াগাঁও চৌমুহনী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা জেলা প্রশাসক রোজি আক্তার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে। সংঘর্ষের পর অ্যাম্বুলেন্সটি রেললাইনের পাশে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রেলক্রসিং অতিক্রম করার সময় চলন্ত ট্রেনের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় চালক ছাড়া অ্যাম্বুলেন্সে অন্য কোনো যাত্রী ছিলেন না। সংঘর্ষের সময় চালক নান্টু সিট থেকে ছিটকে পড়ে আহত হন। পরে তিনি নিজেই উঠে একটি অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করেন।
খবর পেয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সের ভাঙাচোরা অংশ রেললাইন থেকে সরিয়ে নেন। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই রেলক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় অ্যাম্বুলেন্সটি পার হওয়ার সময় চলন্ত ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

