বাংলাদেশ

ছুটির দিনের সকালে বৃষ্টিতে ভিজল রাজধানী, ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১২:২৪

ছুটির দিনের সকালে বৃষ্টিতে ভিজল রাজধানী, ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

রাজধানীতে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হয়েছে প্রায় দুপুর পর্যন্ত।

 
 
ছুটির দিনের সকালটা আজ ছিল যেন ভিন্ন। সবাইকে ছুটি দিতে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হয়েছে প্রায় দুপুর পর্যন্ত। আবহাওয়া দফতর বলছে ভ্যাপসা গরমের মধ্যে আগামী কয়েকদিন এমনই রোদ-বৃষ্টির খেলা দেখা পাওয়া যাবে। 

এদিকে শুক্রবারের (১ অক্টোবর) আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির এ সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়া দফতর জানায়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, উত্তর মিয়ানমার, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও এর আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এটি একই এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

শুক্রবার ও শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। শনিবার সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এই দুই দিনে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সোমবার একই সময় পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ দুই দিনে দেশের কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

ছুটির দিনের সকালে বৃষ্টিতে ভিজল রাজধানী, ৫ দিন যেমন থাকবে আবহাওয়া | সময় নিউজ