বাংলাদেশ

কুমিল্লায় এমপির সুপারিশ নিয়েও সেবা মেলেনি, পল্লীবিদ্যুৎ কর্মকর্তা বরখাস্ত

প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৬:২৫

কুমিল্লায় এমপির সুপারিশ নিয়েও সেবা মেলেনি,  পল্লীবিদ্যুৎ কর্মকর্তা বরখাস্ত

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সুপারিশসংবলিত আবেদন নিয়ে আসা এক গ্রাহককে যথাযথ সেবা না দেওয়ার অভিযোগে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ওয়্যারিং পরিদর্শক মো. মানিক খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলা ও গ্রাহক হয়রানির অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।


গত ৩০ সেপ্টেম্বর সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরীর সই করা অফিস আদেশে জানানো হয়, ১ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বরখাস্তের পর মানিক খানকে মানবসম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।


অফিস আদেশে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর আবুল হোসেন নামে এক ব্যক্তি সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সুপারিশসংবলিত আবেদন নিয়ে ওয়্যারিং পরিদর্শক মানিক খানের কাছে যান। আবুল হোসেনের বাবার নাম মো. আলী আকবর। তাঁর বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকায়।


অভিযোগ অনুযায়ী, সংসদ সদস্যের সুপারিশ থাকা সত্ত্বেও মানিক খান আবেদনটি গুরুত্বসহকারে দেখেননি। আবেদন গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে ‘প্রকল্প নেই’ বলে আবেদনকারীকে বিদায় করে দেন। বিষয়টি সংসদ সদস্যের নজরে এলে তিনি অসন্তোষ প্রকাশ করেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।


কর্তৃপক্ষের মতে, গ্রাহককে যথাযথ সেবা না দেওয়ায় তিনি হয়রানির শিকার হয়েছেন এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের আচরণ চাকরিবিধি অনুযায়ী অসদাচরণ ও শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় চাকরিবিধির ৪৩(১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।


তবে অভিযোগ অস্বীকার করে মানিক খান বলেন, আবুল হোসেনের মিটারের জন্য এর আগেও আবেদন করা হয়েছিল। বিদ্যুতের খুঁটি স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও প্রতিবেশীর বাধায় সংযোগ দেওয়া সম্ভব হয়নি। পরে সংসদ সদস্যের সুপারিশ নিয়ে আবুল হোসেন এলে তিনি অপেক্ষা করতে বলেন। প্রকল্প শেষ হয়ে যাওয়ায় নতুন সংযোগের জন্য প্রয়োজনীয় খুঁটি ছিল না বলেও দাবি করেন তিনি।


সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরী বলেন, গ্রাহককে সেবা দেওয়াই তাঁদের প্রধান দায়িত্ব। মানিক খান দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় গ্রাহক ভোগান্তির শিকার হয়েছেন। এ কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কুমিল্লায় এমপির সুপারিশ নিয়েও সেবা মেলেনি, পল্লীবিদ্যুৎ কর্মকর্তা বরখাস্ত | সময় নিউজ