প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০১

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযানে আটক ব্যক্তিদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই করছে পুলিশ / ফাইল ছবি
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর অপরাধ দমনে পরিচালিত এ অভিযানের প্রথম দফায় ৬২৪ জন, দ্বিতীয় দফায় ২৫৪ জন এবং তৃতীয় দফায় ৪১৫ জনকে আটক করা হয়েছিল।
সর্বশেষ ৩৭৯ জনসহ মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৭২ জনে। কুমিল্লা মহানগরীসহ বিভিন্ন উপজেলার চিহ্নিত অপরাধপ্রবণ এলাকা, বখাটেদের আড্ডাস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন সন্দেহজনক পয়েন্টগুলোতে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের তথ্য ও পূর্বের অপরাধের রেকর্ড সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে কোনো নিরপরাধ কিশোর যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
জেলা পুলিশ আরও জানিয়েছে, কিশোর বয়সীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং অভিভাবকদের সচেতন করতে নিয়মিত এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

