বাংলাদেশ

খুলনায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০০:০৮

খুলনায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

খুলনার খানজাহান আলী এলাকার গ্যারিসন ল্যাটেক্স কোম্পানির সামনে সড়ক দুর্ঘটনায় মো. ফজলুর রহমান (৫০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন।

 

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ফজলুর রহমান সোমবার রাতে শিরোমণি থেকে মোটরসাইকেলে করে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওনা হন।

 

খুলনা-যশোর মহাসড়কের গ্যারিসন ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে খুলনামুখী একটি মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

 

এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

 

নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বারান্দি ফকিরহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

 

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাশার জানান, এ ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। 

প্রাসঙ্গিক:

খুলনায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত | সময় নিউজ