আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০০:৫৩

দিনাজপুরের হিলিতে শেয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার সাদুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন শেফালী (৩০), শিউলি (২৭), দেবাশীষ (৪৩), ডলি (৩০), ইয়াসিন আরাফাত (১১), সুফিয়ান (৩৯), মমতাজ (৫৫) ও রাহুল (৯)। তাদের সবার বাড়ি সাদুরিয়া গ্রামে।
আক্রান্তরা জানান, সন্ধ্যা ৭টার দিকে তারা গ্রামের একটি মুদি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ করে একটি শেয়াল ধানক্ষেত থেকে বের হয়ে ছুটে এসে তাদের ওপর হামলে পড়ে এবং কামড় দেয়। লোকজন শেয়ালটিকে থামানোর চেষ্টা করলে তাদেরও কামড় দেয়। এতে বেশ কয়েকজন আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক জানান, রাত ১০টা পর্যন্ত নারী-পুরুষ ও শিশুসহ মোট ৮ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।

