আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১১:৩১

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেয়া আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রেজিনগরে উপনির্বাচনের কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পুলিশের বিরুদ্ধে দফায় দফায় অপমানজনক কথা বলার অভিযোগে এই মুসলিম বিধায়ককে আটক করা হয় বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
ভারতের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সকালে ভোট দিয়ে বেরিয়ে পুলিশের উদ্দেশে দফায় দফায় ‘অশালীন’ বলার অভিযোগ উঠেছে হুমায়ুনের বিরুদ্ধে। ওই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই থানায় নিয়ে যাওয়া হয় তাকে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। ভোটারদের প্রভাবিত করা এবং উসকানি দেয়ার অভিযোগ উঠেছে হুমায়ুনের বিরুদ্ধে।
ভোট দেয়ার পর বুথের বাইরে দাঁড়িয়ে এবং আরও পরে দলীয় কার্যালয় থেকে ফের পুলিশকে তোপ দাগেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা। এর মধ্যেই রেজিনগরে হুমায়ুনের দলীয় কার্যালয়ে পৌঁছে যায় পুলিশ। বাহিনী সেখানে পৌঁছোতেই পুলিশকর্মীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন আম জনতা উন্নয়ন পার্টির নেতা।
সেখানে পুলিশের উদ্দেশে হুমায়ুন বলতে থাকেন, ‘দালালি করবেন না, দালালি করবেন না।’ এ সময় পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। শেষে জামা ধরে টানতে টানতে হুমায়ুনকে গাড়িতে তোলেন পুলিশকর্মীরা। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় থানায়।
হুমায়ুনের দাবি, মঙ্গলবার সকাল থেকেই রেজিনগরে তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন ছিল। তা নিয়ে ভোটের লাইনে দাঁড়িয়েই পুলিশকে নিয়ে মন্তব্য করেন তিনি।
ভোট দিয়ে বেরিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বলেন, ‘প্রত্যেকটা বুথে অ্যালসেশিয়ান ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।’ আম জনতা উন্নয়ন পার্টির নেতা বলেন, পুলিশ যদি আমাকে মারতে আসে, আমি পুলিশকে ছেড়ে দেব না কি! রেজিনগরবাসীকে ‘মুগুর নিয়ে’ রুখে দাঁড়ানোর বার্তাও দেন।
হুমায়ুন বলেন, পুলিশ ধোয়া তুলসিপাতা নাকি! শুভেন্দু অধিকারীর পুলিশ ভোটের নামে মানুষের অধিকার ছিনিয়ে নেবে? আমাদের ৬৪ জনকে গ্রেফতার করেও শান্তি হয়নি। আজ সকালে পুলিশ যে ধরনের আচরণ করছে, মানুষকে বলব এদের বিরুদ্ধে মুগুর নিয়ে দাঁড়াতে। পুলিশ যদি আমাকে মারতে আসে, আমি পুলিশকে ছেড়ে দেব না কি?
মুর্শিদাবাদের পুলিশ সুপার সচীন মক্কর বলেন, হুমায়ুন উপনির্বাচনের প্রার্থী নন, তিনি এজেন্টও নন। তাই তিনি এভাবে ঘুরতে পারেন না। সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।

