প্রতিবেদক, ফরিদপুর
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৮:০২

ফরিদপুরের সদরপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার পরিচালক মো. মাছুদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। এঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পূর্ব বিএসডাঙ্গী এলাকার জামিয়া ইসলামীয়া দারুল কোরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি মো. মাছুদ (২৭) খুলনার ডুমুরিয়া উপজেলার গদাগাড়া গ্রামের মাহবুর গোলদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ছাত্রকে মাদ্রাসার পরিচালক মো. মাছুদ তার কক্ষে ডেকে নিয়ে একাধিকবার বলাৎকার করেন এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। সবশেষ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ওই শিক্ষার্থীকে ফের বলাৎকার করে মাছুদ। বিকেলে বাড়িতে গিয়ে ওই শিক্ষার্থী পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
শিক্ষার্থীর কাছ থেকে বিষয়টি জানার পর তার বাবা ও স্থানীয় লোকজন মাদ্রাসায় গিয়ে মাছুদকে আটক করে মারধর করে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মাছুদকে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয় জনতা।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আল মামুন শাহ জানান, শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাছুদকে স্থানীয় জনতা মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে মাছুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

