খেলা ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১০:৩৩

শেষ ম্যাচের আগে অনুশীলনে মেসি। ছবি: এএফএ
আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের অপেক্ষা এখন শেষের পথে। বেনিনের বিপক্ষে বুধবারের (৭ অক্টোবর) ম্যাচ দিয়েই শেষ হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে তার বর্ণাঢ্য অধ্যায়। বিদায়ের আগে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
শেষ অনুশীলন শেষে সতীর্থদের সঙ্গে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মেসি। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘বিশেষ কিছু মুহূর্ত, যেগুলো আমি জানি খুব মিস করবো।’
এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত শেষ অনুশীলনে মেসির সঙ্গে ছিলেন দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, মাঠকর্মী ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। ছিলেন সভাপতি ক্লদিও তাপিয়াও। সতীর্থদের সঙ্গে হাস্যোজ্জ্বল মেসির ছবির মধ্যে এই সম্মিলিত ছবিটি আলাদা করে নজর কেড়েছে।
মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি ঘিরে থাকছে বিশেষ আয়োজন। কাতার বিশ্বকাপজয়ী দলের প্রায় সব সতীর্থই থাকবেন বলে জানা গেছে। মাঠে মেসি পুরো ৯০ মিনিট খেলবেন বলেই ধারণা করা হচ্ছে।
জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেয়া নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল ও জিওভানি লো সেলসোর উপস্থিতিও ম্যাচটিকে আরও আবেগঘন করে তুলবে।

