মহানগর ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৬:০৪

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বেতন কিংবা অবসর ভাতার জন্য শিক্ষকদের কষ্ট করে অফিসে ঘুরার প্রয়োজন নেই। যথা নিয়মে, যথাসময়ে তার প্রাপ্য অর্থ ব্যাংকের মাধ্যমে পৌঁছে দিতে হবে।
সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকতা কখনো উপায়হীন বিকল্প কিংবা একটি সাধারণ চাকরির মতো হতে পারে না। সবচেয়ে মেধাবীরা যেন পেশা হিসেবে শিক্ষকতাকে বেছে নিতে আগ্রহী হয়, সরকার শিক্ষা ব্যবস্থাকে সেভাবেই গড়ে তুলতে চায়। কারণ শিক্ষকদের মর্যাদার সঙ্গে রাষ্ট্রের ভাবমূর্তি জড়িত।
তিনি বলেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী প্রতিবছর বিভিন্ন জাতীয় দিবসে নানা শ্রেণি-পেশার মানুষকে রাষ্ট্রীয় ভবনে আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এই তালিকায় চলতি বছর থেকে বাধ্যতামূলকভাবে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের কমপক্ষে একজন করে শিক্ষককে যুক্ত করা হবে।
সরকারপ্রধান বলেন, বিএনপি সরকার গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়েই স্কুল সিলেবাস আধুনিকায়নের কাজ শুরু করেছে। শিখন কৌশল হিসেবে আনন্দময় শিক্ষা সারা পৃথিবীতেই শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। দেশে প্রথমবারের মতো ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের হাতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শিরোনামে একটি নতুন বই তুলে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে অন্য ক্লাসেও এই বই দেওয়া হবে।
শিক্ষা খাতে এআইয়ের ব্যবহার তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিকে আমরা শিক্ষকের বিকল্প হিসেবে দেখতে চাই না, বরং প্রযুক্তি হবে শিক্ষকের শক্তি। এজন্যই আমরা ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচিকে এগিয়ে নিচ্ছি।

